বায়ার্নকে রুখে দিল ভাইকিং, বড় জয় আর্সেনালের

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পিএম

চ্যাম্পিয়ন্স লিগের রাতটি জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের জন্য ছিল চরম হতাশার। নরওয়েজিয়ান চ্যাম্পিয়ন ভাইকিংয়ের জেতা ম্যাচ মাঠে ফেলে ৩-৩ গোলের ড্র নিয়ে ফিরেছে বাভারিয়ানরা। অন্যদিকে রাতের আরেক ম্যাচে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লিলকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের অপরাজিত জয়ের ধারা অব্যাহত রেখেছে আর্সেনাল। 

ওলিসের ‘বোকার’ মতো লাল কার্ড

ভাইকিংয়ের হোম গ্রাউন্ডে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ার চরম তিক্ত অভিজ্ঞতা হয় বায়ার্ন মিউনিখের। তবে বিরতির পর একাই বায়ার্নকে খেলায় ফিরিয়ে আনেন হ্যারি কেইন। পরপর দুই গোল করার পাশাপাশি লুইস দিয়াজকে দিয়ে আরেকটি গোল করিয়ে ৩-২ ব্যবধানের লিড এনে দেন তিনি। 

কিন্তু ম্যাচের ৭৪তম মিনিটে সব সমীকরণ উল্টে দেন বায়ার্নের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসে। প্রতিপক্ষের আক্রমণ থামাতে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখার পরপরই প্রতিপক্ষ অধিনায়ক জ্লাতকো ত্রিপিসের মুখে বল ছুড়ে মেরে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।

কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ওলিসে, ছবি: সংগৃহীত

১০ জনের দলে পরিণত হওয়া বায়ার্নের ওপর চেপে বসে স্বাগতিক ভাইকিং এবং ৯০তম মিনিটে ব্যাক পোস্ট থেকে নিখুঁত হেডে ৩-৩ সমতা ফেরান বদলি নামা হারমান হাউগেন। ওলিসের এমন অপরিণামদর্শী আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বায়ার্ন কোচ ও সতীর্থরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘দোষটা আমাদেরই ছিল। অলিসের এই লাল কার্ডটি চরম বোকার মতো একটা কাজ ছিল। তবে ওর চোখের দিকে তাকালেই বোঝা যায়, দলকে এভাবে বিপদে ফেলার জন্য সে কতটা অনুতপ্ত ও দুঃখিত।’ 

চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের পরের ম্যাচ আর্সেনালের বিপক্ষে। এতেই গুরুত্বপূর্ণ ম্যাচে ওলিসেকে না পাওয়া নিয়ে কেইন বলেন, ‘তাকে এই দায় নিতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে। এটি সত্যিই লজ্জাজনক, কারণ সামনে আমাদের চ্যাম্পিয়ন্স লিগে বড় ম্যাচ রয়েছে এবং এমন ম্যাচ মিস করার আফসোসে সে পুড়বে। তবে এটিই ফুটবল, মাঝে মাঝে ভুল হয়ে যায়।’

অন্যদিকে ইতিহাস গড়া এই ড্রয়ের পর নরওয়েজিয়ান চ্যানেল টিভি২-কে দেওয়া সাক্ষাৎকারে ভাইকিং অধিনায়ক জ্লাতকো ত্রিপিস বলেন, ‘আমি চাইলে আরও ৯০ মিনিট খেলতে পারতাম! আমি অত্যন্ত গর্বিত, এই দিনটির জন্য দীর্ঘ ৩৪ বছর অপেক্ষা করেছি। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলে আমরা ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিলাম। আমি অবিশ্বাস্য রকম খুশি।’ 

সাত মিনিটের ঝড়ে লিলকে উড়িয়ে দিল আর্সেনাল

রাতের অন্য ম্যাচে এমিরেটসে লিলের বিরুদ্ধে প্রথম এক ঘণ্টা গোলশূন্য সমতার অচলাবস্থায় ছিল মিকেল আর্তেতার আর্সেনাল। তবে ৬৪তম মিনিটে জুরিয়েন টিম্বারের সূক্ষ্ম এক টাচে ডেডলক ভাঙ্গার পর পরবর্তী ৭ মিনিটের তাণ্ডবে খেলা পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় গানাররা। একে একে এবেরেচি এজে এবং বুকায়ো সাকার দারুণ ফিনিশিংয়ে লিলকে ৩-০ গোলে গুঁড়িয়ে দেয় উত্তর লন্ডনের ক্লাবটি।

ম্যাচের শেষ দিকে আর্সেনালের সাবেক স্ট্রাইকার অলিভিয়ের জিরু লিলের হয়ে বদলি হিসেবে মাঠে নামলে তাকে করতালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায় এমিরেটসের দর্শকেরা। এই জয়ে পয়েন্ট টেবিলের যৌথভাবে শীর্ষে উঠে গেছে আর্সেনাল।

ম্যাচের আগে আর্সেনালের সাবেক লাইফ প্রেসিডেন্ট কেন ফ্রায়ারের প্রয়াণে শোক প্রকাশ করে ডাগআউটে কালোর ব্যাজ পরে নেমেছিল দলটি। এদিকে ম্যাচ শেষে কেন ফ্রায়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আর্সেনালের কোচ আর্তেতা বলেন, ‘আমি নিশ্চিত, ছেলেরা যেভাবে খেলেছে তা দেখলে তিনি অনেক খুশি হতেন। শুধু তাই নয়, আমরা যা কিছু গড়ে তুলেছি তা নিয়ে তিনি কতটা গর্বিত ছিলেন সেটাও আমি জানি। ফুটবলকে যারা ভালোবাসেন তাদের সবার জন্য এটি একটি সত্যিই দুঃখের দিন। এই ক্লাবের জন্য কেন যে অবদান রেখে গেছেন, তার ঐতিহ্য আজীবন টিকে থাকবে।’ 

সর্বশেষ সর্বাধিক পঠিত