দিল্লিতে কারাবন্দী সিজেপি নেতাদের পাশে রাহুল গান্ধী

রাহুল গান্ধী তাঁর পোস্টে লেখেন, ‘জন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভে জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এ জন্য তরুণদের কারাগারে পাঠানো কাপুরুষোচিত কাজ।’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পিএম

ভারতের দিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে কারাবন্দী ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতার পাশে দাঁড়িয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তাঁদের গ্রেপ্তারের সমালোচনা করেন। সিজেপির প্রতি রাহুলের এই প্রথম প্রকাশ্য সমর্থনের পর দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। খবর এনডিটিভির।  

বুধবার সকালে সিজেপি নেতা আশুতোষ রানকা ও সৌরভ দাসকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠান আদালত। কেন্দ্রীয় সরকার জন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে অনুমোদনের তালিকা থেকে বাদ দেওয়ার পর সেখানে প্রবেশ করে বিক্ষোভ করার অভিযোগে তাঁদের আটক করা হয়েছিল।

রাহুল গান্ধী তাঁর পোস্টে লেখেন, ‘জন্তর মন্তরে শান্তিপূর্ণ বিক্ষোভে জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয়। এ জন্য তরুণদের কারাগারে পাঠানো কাপুরুষোচিত কাজ।’

তিনি আরও বলেন, বিভিন্ন নাগরিক সমাজের সংগঠন, শিক্ষার্থী ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ব্যানারে যে বিক্ষোভ চলছে, সেগুলো মূলত একই দাবিতে পরিচালিত আন্দোলন।

রাহুল লেখেন, ‘শিক্ষার্থী, তরুণ, সাংবাদিক, ইন্ডিয়া জোট—ব্যানার আলাদা হলেও উদ্দেশ্য এক। সব প্রতিবাদই এক: নাগরিকেরা তাঁদের সাংবিধানিক অধিকার দাবি করছেন।’

জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন কংগ্রেস নেতা। তাঁর ভাষায়, ‘জন্তর মন্তর ভারতের জনগণের। আমরা এটি ফিরিয়ে নেব।’

রাহুল গান্ধীর সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর এই অবস্থানকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীদের বৃহত্তর আন্দোলনের প্রতি সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, জন্তর মন্তরে বিক্ষোভের সময় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে প্রবেশ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ার অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে সিজেপি ও বিরোধী দলগুলোর আন্দোলনের মধ্যেই এ ঘটনা ঘটল।

সর্বশেষ সর্বাধিক পঠিত