পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় মুরাদনগরে বিএনপির মতবিনিময়

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে মতবিনিময় সভা করেছে কুমিল্লা উত্তর জেলা ও মুরাদনগর উপজেলা বিএনপি। সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির উপস্থিত থাকার কথা থাকলেও অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বি, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মহিউদ্দিন মোল্লা এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি দুলাল দেবনাথ, সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহমেদ, সদস্যসচিব মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আজিজ মোল্লা, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসানসহ অন্য নেতারা।

বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বাংলাদেশের ঐতিহ্য। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও সবার অধিকার সমান। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব হলেও এটি সামাজিক সম্প্রীতি ও বন্ধন সুদৃঢ় করারও উপলক্ষ। এ উৎসবকে কেন্দ্র করে কেউ যেন গুজব, উসকানি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তারা আরও বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনে সবাইকে সহযোগিতা করতে হবে।

মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত