৭ মিলিয়ন ডলার বিনিয়োগ বাড়াচ্ছে চীনা প্রতিষ্ঠান কেপিএসটি

এ বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ এবং বেপজার ওপর অব্যাহত আস্থা রাখার জন্য কেপিএসটিকে ধন্যবাদ জানান।

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:০০ পিএম

চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান কসোভো পেনশন সেভিংস ট্রাস্ট (কেপিএসটি) বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি (বেপজা) অর্থনৈতিক অঞ্চল-১-এ দ্বিতীয় উৎপাদন কারখানা স্থাপনের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ৭ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এ লক্ষে বুধবার (১৪ অক্টোবর) ঢাকায় বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সঙ্গে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানির  পরিচালক ঝ্যাং ইউগিউ নিজ নিজ প্রতিষ্ঠানেরপক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেপিএসটি নিউ ম্যাটেরিয়াল (বিডি) কোম্পানি লিমিটেড নামের নতুন প্রকল্পটি বেপজার প্রতি প্রতিষ্ঠানটির অব্যাহত আস্থা এবং বেপজার বিনিয়োগবান্ধব সেবা ও সহযোগিতার প্রতিফলন। নতুন এই কারখানায় ফুটওয়্যার এক্সেসরিজ, ব্যাগ ও লাগেজ কম্পোনেন্টস, পেপার প্রোডাক্টস অ্যান্ড প্রিন্টেড ম্যাটেরিয়ালসসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্য তৈরি করা হবে, যেখানে প্রায় ২০০ বাংলাদেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

কেপিএসটি বেপজা অর্থনৈতিক অঞ্চল-১-এ সাত হাজার ২০০ বর্গমিটার জমিতে কারখানা নির্মাণ করবে। নতুন কারখানাটি বার্ষিক ১১ মিলিয়ন জোড়া ফুটওয়্যার অ্যাক্সেসরিজ, ২৪ হাজার ঘনমিটার ফোম, ব্যাগ ও লাগেজ কম্পোনেন্টস, দুই লাখ পিস কাটিং বোর্ড এবং আড়াই লাখ পিস কাটিং ডাইস বা মোল্ড তৈরি করবে। এখানে উৎপাদিত পণ্য ভারত ও কম্বোডিয়ার জুতা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের রপ্তানিমুখী জুতা কারখানাগুলোতে সরবরাহ করা হবে।

একই মালিকানাধীন প্রতিষ্ঠান কেপিএসটি স্যুজ (বিডি) কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ থেকে রপ্তানি কার্যক্রম শুরু করা প্রথম প্রতিষ্ঠান। তারা ২০২৩ সালের নভেম্বর থেকে উৎপাদন চালু করেছে। একই অর্থনৈতিক অঞ্চলে দ্বিতীয় প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত বাংলাদেশে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং বেপজার প্রতি বিনিয়োগকারীর আস্থার প্রতিফলন।

এ বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশে কার্যক্রম সম্প্রসারণ এবং বেপজার ওপর অব্যাহত আস্থা রাখার জন্য কেপিএসটিকে ধন্যবাদ জানান।

এসময় স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত