লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেনের। মায়ের লিভার প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। কিন্তু এই বিপুল অর্থ জোগাড় করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার। মাকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন এই শিক্ষার্থী।
শাহরিয়ার বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ার মোহিনী মোহন চক্রবর্তী সড়কে। বাবাহীন পরিবারে মা, ভাই-বোন ও নানিকে নিয়ে বসবাস করেন তিনি। টিউশনি করে পাওয়া সামান্য আয়ই পরিবারের ভরসা।
পরিবার সূত্রে জানা যায়, গত আগস্টের শুরুতে দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে শাহরিয়ারের মাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফ্যাটি লিভারজনিত (মাশ) লিভার সিরোসিস শনাক্ত হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলে।
গত ২৭ আগস্ট রক্তবমি, কালো পায়খানা ও পেট ফোলার সমস্যা নিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন তিনি। লিভার সিরোসিসের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম ও অ্যাজমায়ও ভুগছেন শাহরিয়ারের মা।
সর্বশেষ অক্টোবরের শুরুতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে তার লিভার প্রতিস্থাপন করতে হবে।
শাহরিয়ার বলেন, ‘বাবা না থাকায় সংসারের সব খরচ আমার ও আমার বোনের টিউশনির আয়ে চলে। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য এত টাকা ব্যয় করার সামর্থ্য আমাদের নেই। হাসপাতাল থেকে জানানো হয়েছে, অস্ত্রোপচারের খরচ সরকার বহন করলেও আনুষঙ্গিক অন্যান্য ব্যয় পরিবারকে বহন করতে হবে। এসব খরচ মিলিয়ে আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘মায়ের জীবন বাঁচাতে সময়মতো লিভার প্রতিস্থাপন অত্যন্ত জরুরি। আমরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে চলে গেছে। তাই মাকে বাঁচাতে সবার সহযোগিতা প্রয়োজন।’
মায়ের চিকিৎসায় সহযোগিতা পাঠানোর জন্য শাহরিয়ার বিকাশ ও নগদের ০১৯০৯-৩৯৫৫৬৬ নম্বর দিয়েছেন। এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের হিসাব নম্বর ১৬৮১০৫০৪০৭৪৯৫ এবং রাউটিং নম্বর ০৯০৫০০৯৪৯-এ অর্থ পাঠানো যাবে।