আদালতে মামলা বিচারাধীন, বয়লার লাইসেন্সের পরীক্ষা স্থগিতের দাবি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম

আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তৃতীয় শ্রেণির বয়লার পরিচালনা লাইসেন্সের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ অ্যাসোসিয়েশন। আগামী ১৭ অক্টোবর নির্ধারিত পরীক্ষা স্থগিত না করলে পরীক্ষা কেন্দ্র ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে প্রধান বয়লার পরিদর্শক মোহাম্মদ আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে প্রধান কার্যালয় ঘেরাওয়েরও ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের ল’ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক ইকবাল শামীম এবং আইনজীবী মোহাম্মদ সাইফুর রহমানসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০২২ সালের বয়লার আইনের ১২ ধারায় বয়লার পরিচালনার লাইসেন্সকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এই তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হলে ২০২২ সালে আদালত রুল জারির পাশাপাশি স্থিতাবস্থার আদেশ দেন। তবে মামলাটি নিষ্পত্তি না করেই ২০২৫ সালে নতুন নীতিমালা প্রকাশ এবং তৃতীয় শ্রেণির লাইসেন্স পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

সংগঠনটির দাবি, এ বিষয়ে রিট আবেদনকারী মো. সহিদুল ইসলাম পরীক্ষা স্থগিতের আবেদন করেছেন। রিটের আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমানও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। এরপরও পরীক্ষা স্থগিতের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সনদ নিয়ে কর্মরত বয়লার পরিচারকদের সনদ নতুন ব্যবস্থায় রূপান্তরের ফলে তাঁদের জ্যেষ্ঠতা ও চাকরির ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। বিচারাধীন বিরোধ নিষ্পত্তির আগে নতুন লাইসেন্স দেওয়া হলে কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও মনে করছে সংগঠনটি।

সংগঠনের নেতারা বলেন, আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তৃতীয় শ্রেণির বয়লার পরিচালনা লাইসেন্সের পরীক্ষা স্থগিত রাখতে হবে। অন্যথায় ১৭ অক্টোবর পরীক্ষা কেন্দ্র ঘেরাও করা হবে। পাশাপাশি প্রধান বয়লার পরিদর্শকের পদত্যাগের দাবিতে রোববার বয়লারের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত