শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ২৫৭টি পূজামণ্ডপ দিন-রাত ২৪ ঘণ্টা সিসিটিভি এবং বডিওর্ন ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারিতে রাখা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপি কমিশনার জানান, মণ্ডপের গুরুত্ব, ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনা করে ঢাকার ২৫৭টি পূজামণ্ডপকে চারটি শ্রেণিতে ভাগ করে নিরাপত্তা বলয় সাজানো হয়েছে।
এর মধ্যে তুলনামূলক বড় ৯টি মণ্ডপে পুলিশ ও আনসার মিলিয়ে ৫০ জন করে সদস্য দায়িত্ব পালন করবেন। নিয়মিত ডিউটির পাশাপাশি অতিরিক্ত হিসেবে পুলিশের বিভিন্ন পর্যায়ের সর্বমোট ২ হাজার ১০০ জন সদস্য এই ২৫৭টি মণ্ডপে সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সম্প্রীতির উৎসব। ঢাকা মহানগরীতে এ উৎসব যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। মণ্ডপগুলোতে দিন-রাত ২৪ ঘণ্টা পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।’
পূজামণ্ডপগুলোর আশপাশে নিয়মিত টহল এবং সন্দেহভাজন ব্যক্তি ও বস্তুর ওপর সতর্ক নজরদারির প্রস্তুতি রয়েছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডগ স্কোয়াড এবং ক্রাইম সিন ইউনিটকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
নগরবাসীকে আশ্বস্ত করে ডিএমপি কমিশনার বলেন, ‘এবারের শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’
ঢাকেশ্বরীতে মহাষষ্ঠীর পূজার্চনায় শুরু শারদীয় দুর্গোৎসব