পূজায় ৮ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০২:১৬ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে টানা আট দিন ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বুড়িমারী ও ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশন (কাস্টমস) ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষ্যে ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন ও কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশন। এর সঙ্গে বাংলাদেশের দুই দিনের সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) যুক্ত হয়ে মোট আট দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এএসএম নিয়াজ নাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর পক্ষ থেকে লিখিতভাবে তাদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।  

ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অজয় কুমার সাহা ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজা শেষে আগামী ২৪ অক্টোবর থেকে পুনরায় দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হবে। একই সময়ে ভারতের ট্রানজিট রুট ব্যবহার করে বুড়িমারী দিয়ে নেপাল ও ভুটানের সঙ্গে করা বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যও বন্ধ থাকবে।

চিঠিতে আরও জানানো হয়, দুর্গাপূজার পর কালীপূজা উপলক্ষ্যে ৮ থেকে ১০ নভেম্বর তিন দিন এবং ছটপূজা উপলক্ষ্যে ১৫ ও ১৬ নভেম্বর দুই দিন একইভাবে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে।

বাণিজ্যিক কার্যক্রম স্থগিতের চিঠির সত্যতা নিশ্চিত করেছেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান। তিনি বলেন, “দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়ে বাণিজ্য বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছে। তবে বন্দর কাস্টমসের দাপ্তরিক কার্যক্রম এবং যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা থাকবে।”

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চৌকি সার্বক্ষণিক খোলা থাকবে। বৈধ পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।”

সর্বশেষ সর্বাধিক পঠিত