চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। হাসপাতাল থেকে ফিরেই তিনি অনলাইনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা আহ্বান করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দুপুর ২টার দিকে চুয়েটের সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান এ বিষয়ে নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘উপাচার্য শুক্রবার সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চ্যুয়ালি এই সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না নিশ্চিত নই। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সিন্ডিকেট সদস্যরাও ছুটিতে।’
বিশ্ববিদ্যালয় কার্যালয় জানায়, দীর্ঘ প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গত মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় উপাচার্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসা শেষে সুস্থ হয়ে সার্কিট হাউজে ফিরে তিনি ভার্চ্যুয়ালি এই সিন্ডিকেট সভা আহ্বানের সিদ্ধান্ত নেন।
২১ সেপ্টেম্বর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক শেখ শরীফুল আলম নিয়োগ পাওয়ার পর থেকেই পূর্ববর্তী উপাচার্যকে বহলের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা একযোগে আন্দোলন শুরু করেন। ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে। ১২ অক্টোবর (সোমবার) উপাচার্য তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
অবরুদ্ধ চুয়েট ভিসিকে উদ্ধার করল পুলিশ
দুই দিন ধরে অবরুদ্ধ চুয়েট ভিসি, অনড় শিক্ষার্থীরা