কুমিল্লায় প্রকাশ্যে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা 

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পিএম

কুমিল্লা নগরীর ছত্রখিল এলাকায় দুর্বৃত্তদের ধারাল অস্ত্রের আঘাতে মো. কাউসার নামের এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে হামলার শিকার হন তিনি। পরে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত কাউসার যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের নেতা ছিলেন। তিনি বিএনপি নেতা কবিরের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে ছত্রখিল এলাকায় কাউসারের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লার ট্রমা সেন্টারে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। তিনি জানান, কাউসারের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কারা এবং কী কারণে কাউসারের ওপর হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন ওসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত