গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে উত্তরা ইউনিভার্সিটি: রাষ্ট্রপতির অভিনন্দন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

‘ইউআই গ্রিনমেট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬'-এ সম্মানজনক ৮ম স্থান অর্জন করায় উত্তরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং সবুজ ক্যাম্পাস নীতি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টির নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তিনি এই প্রশংসা প্রকাশ করেন।

সম্প্রতি বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে উত্তরা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য, উপাচার্য, উপদেষ্টা এবং শিক্ষক প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে গুণগত উচ্চশিক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, পরিবর্তিত কর্মসংস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রস্তুত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোতে নিরাপদ ও সহায়কমূলক শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ সময় তিনি দেশের বর্তমান বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ভূমিকার কথাও উল্লেখ করেন।

বৈঠকে উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘমেয়াদী উন্নয়ন রূপকল্প উপস্থাপন করেন, যেখানে অ্যাকাডেমিক উৎকর্ষ, গবেষণা, আন্তর্জাতিকীকরণ ও দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি ট্রাস্টি বোর্ডের সদস্য আবিদ আজিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংস্কৃতি জোরদার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব বৃদ্ধির নানা উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রার কথা স্মরণ করে রাষ্ট্রপতি উত্তরা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আজিজুর রহমানের অবদানের কথা স্মরণ করেন এবং বিশ্ববিদ্যালয়টির বর্তমান পরিবর্তনের প্রশংসা করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত