ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে মাদারীপুরের হাসান বেপারীকে লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগে করা মানবপাচার মামলার প্রধান আসামি ইমরান খানকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম জেলার বাকলিয়া থানাধীন দারুল আমান আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৮-এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প এবং এসআরবি-৭-এর সিপিসি-৩ চান্দগাঁও, চট্টগ্রামের সদস্যরা যৌথভাবে এ অভিযান চালান।
গ্রেপ্তার ইমরান খান চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা চাটরা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. বাচা মিয়া।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইমরান খান ও তার সহযোগীরা বৈধ স্পন্সর ভিসার মাধ্যমে হাসান বেপারীসহ কয়েকজনকে ইতালি পাঠানোর প্রলোভন দেখান। এ জন্য ২০২৫ সালের ১৫ অক্টোবর তারা মাদারীপুরের পূর্ব সিলারচরে এজাহারকারীর শ্বশুরবাড়িতে গিয়ে নগদ ৮ লাখ টাকা ও হাসানের মূল পাসপোর্ট নেন।
অভিযোগ অনুযায়ী, পরে হাসানকে ইতালিতে পাঠানোর পরিবর্তে লিবিয়ায় নিয়ে অজ্ঞাতনামা একটি মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। নির্যাতনের দৃশ্য ভিডিও কলের মাধ্যমে স্বজনদের দেখিয়ে তার মুক্তির জন্য মুক্তিপণ দাবি করা হয়।
এজাহারে আরও বলা হয়, হাসানকে জীবিত উদ্ধারের আশায় তার স্বজনেরা বিভিন্ন সময়ে নগদ টাকা ও ব্যাংক হিসাবের মাধ্যমে আসামিদের মোট ৫৬ লাখ টাকা দেন। এরপরও তাঁকে মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করা হয়। একপর্যায়ে টাকা ফেরত এবং হাসানকে দেশে ফিরিয়ে আনার কথা বললে ইমরান খান আগের লেনদেন অস্বীকার করেন। পাশাপাশি হুমকি দিয়ে যোগাযোগ বন্ধ করে দেন।
বর্তমানে হাসান বেপারী জীবিত আছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে মানবপাচার, প্রতারণা, অর্থ আত্মসাৎ ও জীবনহানির আশঙ্কার কথা জানিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়। পরে হাসানের ভাই বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মানবপাচারের মামলা করেন।
ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করলে মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৮-এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি দল। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি ইমরান খানকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৮-এর সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসান বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মানবপাচার মামলার প্রধান আসামি ইমরান খানকে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।