নাটোরে আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ রাজ্জাক মোল্লা গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং বনপাড়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লাকে (৪৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক মোল্লা উপজেলার মহিষভাঙ্গা গ্রামের মৃত আজাহার আলী মোল্লার ছেলে। তিনি নাটোরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলার অন্যতম আসামি।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বনপাড়া সরকারি (শেখ ফজিলাতুন্নেসা মুজিব) মহিলা কলেজে দাপ্তরিক কাজ পরিচালনা করার সময় গোয়েন্দা পুলিশের একটি টিম সেখান থেকে আব্দুর রাজ্জাক মোল্লাকে আটক করে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রাতেই তাঁকে বড়াইগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এদিকে অধ্যক্ষ রাজ্জাক মোল্লা গ্রেপ্তারের পর পরই তাকে সানাউল্লাহ নুর বাবু হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী (মাস্টারমাইন্ড) হিসেবে দাবি করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাকে ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা বনপাড়া বাজারে একটি বিক্ষোভ মিছিল পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আটককৃত আব্দুর রাজ্জাক মোল্লাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে সানাউল্লাহ নুর বাবু হত্যা মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন বলে জানান ওসি।

সর্বশেষ সর্বাধিক পঠিত