স্মার্ট অর্থনীতি বাস্তবায়নে বীমা খাত কীভাবে অবদান রাখছে?
স্মার্ট অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে প্রযুক্তিভিত্তিক সেবা, দক্ষতা, স্বচ্ছতা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং জনগণের আর্থিক নিরাপত্তা। প্রতিটি ক্ষেত্রেই বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বীমা মানুষের জীবন, স্বাস্থ্য, সম্পত্তি এবং ব্যবসায়িক ঝুঁকি মোকাবিলায় আর্থিক সুরক্ষা দেয়। ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান অনিশ্চয়তার ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ পায়।
দেশে বীমার প্রসার বাড়াতে আপনাদের মূল কৌশল কী?
দেশের বিশাল জনগোষ্ঠীর তুলনায় বীমার পরিধি এখনো সীমিত। তাই আমাদের মূল কৌশল হচ্ছে মানসম্মত পণ্য, সহজলভ্য সেবা, প্রযুক্তিভিত্তিক কার্যক্রম এবং গ্রাহকের আস্থা এই চারটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নেওয়া।
গ্রাহকসেবা সহজ করতে আপনারা কী ধরনের ডিজিটাল ব্যবস্থা চালু করেছেন?
গ্রাহকসেবা সহজ ও স্বচ্ছ করতে আমরা ধীরে ধীরে প্রযুক্তিভিত্তিক সেবা সম্প্রসারণ করছি। আমাদের ওয়েবসাইট বাংলা ও ইংরেজি উভয় ভাষায় রয়েছে এবং প্রিমিয়াম পরিশোধের জন্য অনলাইন ব্যাংকিং ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্যবহারের সুযোগ রয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহক পলিসির তথ্য ও প্রিমিয়াম স্টেটমেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারেন।
প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দিতে কী পদক্ষেপ নিয়েছেন?
গ্রামাঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে মাঠপর্যায়ের কার্যক্রম শক্তিশালী করার ওপর জোর দিচ্ছি। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকদের সেবা দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে, যাতে প্রিমিয়াম প্রদান ও পলিসির তথ্য জানার জন্য শহরের অফিসে আসার প্রয়োজন না হয়।
ক্যাশলেস এবং পেপারলেস বীমাসেবা চালুর প্রধান চ্যালেঞ্জগুলো কী?
প্রযুক্তিগত অবকাঠামো, তথ্যের নিরাপত্তা, গ্রাহকের ডিজিটাল সাক্ষরতা এবং সাইবার নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। বীমা একটি দীর্ঘমেয়াদি চুক্তি হওয়ায় ডিজিটাল ডকুমেন্ট, ই-কেওয়াইসি এবং ইলেকট্রনিক পলিসির ক্ষেত্রে শক্তিশালী নিরাপত্তা নিশ্চিত করে ধাপে ধাপে এগোতে হবে।
পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে নতুন কোনো বীমা পণ্য নিয়ে ভাবছেন?
স্বাস্থ্যঝুঁকি, জলবায়ু পরিবর্তন, কৃষি ও আয়-নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ বিষয়। আমরা স্বাস্থ্যবীমা, গ্রুপ বীমা এবং ভবিষ্যতে কৃষি, জলবায়ু ও সাইবার ঝুঁকি বীমা নিয়ে কাজ করার কথা বিবেচনা করছি।
দাবি নিষ্পত্তির প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে স্মার্ট প্রযুক্তি কীভাবে সহায়ক?
দাবি পরিশোধ হলো কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেবার জায়গা। আমরা কাগজপত্র দ্রুত সংগ্রহ ও সমন্বয়ের ওপর জোর দিচ্ছি। ভবিষ্যতে এআই ও অটোমেশন ব্যবহার করে ফ্রড ডিটেকশন ও ক্লেম ট্র্যাকিং করা গেলে দাবি পরিশোধে সময় অনেক কমবে।
গ্রাহকের আস্থা ধরে রাখার চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করছেন?
আস্থা অর্জনের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা। সঠিক তথ্য তুলে ধরা, পলিসির শর্ত পরিষ্কার করা এবং দ্রুত দাবি নিষ্পত্তির মাধ্যমে আমরা গ্রাহকের আস্থা ধরে রাখার চেষ্টা করছি।