নেত্রকোনায় সাংবাদিক

হত্যার ২৪ ঘণ্টা পরও মামলা হয়নি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ এএম

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত সাবেক সেনাসদস্য ও সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যার ২৪ ঘণ্টা পার হলেও মামলা দায়ের হয়নি। নিহত লুৎফুজ্জামান ফকির ‘রূপসী বাংলা’ নামে একটি বেসরকারি আইপিটিভির নেত্রকোনা প্রতিনিধি ছিলেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা পর্যন্ত দুর্গাপুর থানায় এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ। তিনি জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতী সাংমা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করবেন। রাতে অভিযোগপত্র দায়ের হতে পারে।

এদিকে গতকাল নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকেলে কলমাকান্দার পুগলা ইউনিয়নের চরুলিয়া মাইজপাড়া ফকিরবাড়িতে লুৎফুজ্জামান ফকিরের মরদেহ দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের তেলঞ্জি এলাকায় দ্বিতীয় স্ত্রীর বাড়ির সামনের চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পাঁচটি গুলি বিদ্ধ হয় সাংবাদিক লুৎফুজ্জামান ফকিরের শরীরে। পরে পুলিশের সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত