১০ দিনে ৪৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ এএম

পটুয়াখালীর দুমকি উপজেলায় মা-ইলিশ সংরক্ষণ অভিযানে ১০ দিনে ৪৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। এ সময় চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ এবং নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার নারায়ঙ্গল এলাকার মো. জসিম হাওলাদার (৪৩), নলুয়া গ্রামের মো. হান্নান খান (৩০) এবং দুমকি উপজেলার ১ নম্বর ওয়ার্ডের মো. আল-আমীন (১৭)। তাদের মধ্যে জসিম হাওলাদার ও হান্নান খানকে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় কিশোর জেলে আল-আমীনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পরিচালিত একদিনের অভিযানে পায়রা নদীর বাহেরচর, লেবুখালী ও আলগি এলাকা থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

এর আগে ৮ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত মা-ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলেকে আটক, ২৬ হাজার মিটার কারেন্ট জাল ও চারটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। আটক তিন জেলের মধ্যে দুজনকে দুমকি থানায় মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অপর কিশোর জেলে আল-আমীনকে অপ্রাপ্তবয়স্ক বিবেচনায় বিশেষ মুচলেকায় মুক্তি দেওয়া হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ৮ অক্টোবর থেকে শুক্রবার (১৬ অক্টোবর) পর্যন্ত পায়রা নদীতে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৪৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে। জব্দ করা জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তিনি আরও বলেন, মা-ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, মা-ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ।

সর্বশেষ সর্বাধিক পঠিত