প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চট্টগ্রাম সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম অঞ্চলজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। নগর ও জেলাজুড়ে চার স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, গুজব ও নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের অংশ হিসেবে আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার সফর ঘিরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন এসআরবি-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
পরিদর্শন শেষে লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। সফরটি নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) নির্দেশনা ও সমন্বয়ে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরেও প্রটোকল অনুযায়ী প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
সিএমপি কমিশনার বলেন, ‘পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পুলিশের সমন্বয় রয়েছে। সিএমপির পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত অন্যান্য বাহিনীর সঙ্গেও সমন্বয় সভা হয়েছে। দুর্গাপূজা ও প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাই একযোগে কাজ করছেন। পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’