দিল্লির আদালতে মুচলেকা দিয়ে অভিজিতের জামিন

আটকের আগে অভিজিৎ প্রশ্ন তুলেছিলেন, ‘একা হাতে তেরঙা (ভারতের জাতীয় পতাকা) নিয়ে হাঁটা কীভাবে অপরাধ হতে পারে?’

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

দিল্লির আদালতে শর্তসাপেক্ষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও প্রধান অভিজিৎ দিপকে। শান্তিভঙ্গ না-করার পক্ষে একটি মুচলেকায় (‘পিস বন্ড’) সই করার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ মেনে ৫০ হাজার টাকার বন্ড জমা দেওয়ার পর শনিবার (১৭ অক্টোবর) বিকালে মন্দির মার্গ থানা থেকে মুক্তি পান তিনি। শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিল বা ‘তেরঙা যাত্রা’য় অংশ নিতে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। খবর আনন্দবাজার-এর। 


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দিনভর আটকে রাখার পর শনিবার ভোরে দিল্লি পুলিশ জানায় যে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ বা ‘প্রিভেন্টিভ অ্যারেস্ট’-এর আওতায় ককরোচ-প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিভঙ্গের আশঙ্কায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ এবং ১৭০ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই ধারাবলে পুলিশ কোনো পরোয়ানা বা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়াই অপরাধ প্রতিরোধের স্বার্থে কাউকে হেফাজতে নিতে পারে। পরে শনিবার তাকে স্পেশাল একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

গত সোমবার (১২ অক্টোবর) যন্তর মন্তরে ‘তেরঙা’ হাতে প্রতিবাদ কর্মসূচি করতে গিয়ে গ্রেপ্তার হন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। পুলিশ ওই এলাকায় প্রতিবাদ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করায় গেট টপকে ঢোকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা দুজনেই তিহাড় জেলে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। ওই নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার বিকালে কনট প্লেসে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিজিৎ দিপকে।

ওই দিন করোল বাগের যে বাড়িতে তিনি অবস্থান করছিলেন, তার বাইরে বিশাল পুলিশ বাহিনী অবস্থান নেয়। বিকালে সেখান থেকে তেরঙা পতাকা হাতে বেরোনোর সময় তাকে আটক করে পুলিশ। আটকের আগে অভিজিৎ প্রশ্ন তুলেছিলেন, ‘একা হাতে তেরঙা (ভারতের জাতীয় পতাকা) নিয়ে হাঁটা কীভাবে অপরাধ হতে পারে?’ পরে তাকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই আটকের ঘটনায় দলের পক্ষ থেকেও তীব্র প্রতিবাদ জানানো হয়।
 
শুক্রবার দিপকের পাশাপাশি আটক হওয়া অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (আইসা) নেত্রী নেহা বোরাকে অবশ্য শনিবার সকালেই ছেড়ে দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত আদালতের শর্ত মেনে মুচলেকায় সই করার পর থানা থেকে মুক্তি পান অভিজিৎ দিপকে।
সর্বশেষ সর্বাধিক পঠিত