যুব উন্নয়ন অধিদপ্তরের সেই নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পিএম

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর পুনরায় অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক দিন পর আজ শনিবার (১৭ অক্টোবর) বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

আজ শনিবার অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, অধিদপ্তরের ২৪২টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৬ অক্টোবর বাছাই পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তী সময়ে জানানো হবে।

নির্বাচিত প্রার্থীদের অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং টেলিটকের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়ে লিখিত পরীক্ষার বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে।

আদেশে আরও বলা হয়, নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে কোনো প্রার্থীর বিরুদ্ধে অনিয়ম বা অসাধু উপায় অবলম্বনের প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা বা ফলাফল বাতিল বলে গণ্য হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত