জুড়ীর নতুন পর্যটন ‘কাশ্মীর টিলা’

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ এএম

অনেক দূর থেকে দেখলে মনে হয় সবুজাভ এক পাহাড়ি টিলা যেন আকাশ ছুঁতে যাচ্ছে। বিশালাকার টিলাটির পুরোটাজুড়ে সবুজের হাতছানি। পশ্চিম দিকে ন্যাড়া টিলা ও পূর্বদিকে সেগুনগাছের বিশালাকার বনের সম্মিলনে এ টিলার চূড়া থেকে চারদিকে তাকালে তনোমন জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর এ টিলাটি পর্যটননগরী হিসেবে পরিচিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার পর্যটন শিল্পে নতুন দিগন্ত। জুড়ী ভ্রমণে আসা এক পর্যটক টিলাটির নামকরণ করেছেন ‘কাশ্মীর টিলা’। সেই থেকে এটি এ নামেই পরিচিত। সামাজিক মাধ্যমের কল্যাণে সুউচ্চ এ টিলাটি দেশব্যাপী পরিচিতি লাভ করেছে। প্রতিদিনই অসংখ্য সৌন্দর্যপিপাসু পর্যটক টিলাটির সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন জুড়ী উপজেলার সীমান্তবর্তী ৮ নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নের শুকনাছড়া এলাকায়।

টিলাটি সম্পর্কে স্থানীয় গণমাধ্যম ও পরিবেশকর্মী খোরশেদ আলম বলেন, ‘গত কয়েক বছর আগে ঢাকা থেকে এক পর্যটক জুড়ী উপজেলা ভ্রমণে আসেন। তিনি পুরো উপজেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণের পাশাপাশি শুকনাছড়া টিলায়ও ভ্রমণ করেন। ঢাকা ফিরে গিয়ে তিনি এক সাময়িকীতে এ টিলাটি নিয়ে এক নিবন্ধ লিখেন। ওই নিবন্ধে তিনি টিলাটির সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে টিলাটির নাম লিখেন ‘কাশ্মীর টিলা’। এরপর থেকে আমরা স্থানীয়রা এই টিলাকে কাশ্মীর টিলা নামে সর্বত্র প্রচার করতে থাকি। প্রথম দিকে টিলাটিতে পর্যটকদের খুব একটা আনাগোনা না থাকলেও বর্তমানে এটি পুরো জুড়ী উপজেলার মধ্যে অন্যতম এক দৃষ্টিনন্দন স্থান হয়ে দাঁড়িয়েছে। ঈদ-পূজার ছুটিসহ সরকারি ছুটির দিনে টিলাটি লোকে লোকারণ্য হয়ে ওঠে। বছরের অন্যান্য দিনেও টিলাটিতে পর্যটকরা আসেন, ছবি তোলেন, ভিডিও ধারণ করে নিয়ে যান।’

যেভাবে যাওয়া যায় কাশ্মীর টিলায় : দেশের যেকোনো প্রান্ত থেকে ট্রেনে আসতে চাইলে সিলেটগামী ট্রেনে চড়ে নামতে হবে কুলাউড়া রেলওয়ে স্টেশনে। বাসে এলেও প্রথমে কুলাউড়া আসতে হবে। কুলাউড়া থেকে বাস বা সিএনজি অটোরিকশায় করে যেতে হবে জুড়ী বাজারে। বাজার থেকে কচুরগুলগামী সিএনজি অটোরিকশায় চড়ে যেতে হবে কালামাটি নামক স্থানে। জুড়ী বাজার থেকে কালামাটি এলাকার দূরত্ব ৫-৬ কিলোমিটার। কালামাটি এলাকায় পাশাপাশি দুটি ছোট গ্রামীণ দোকান রয়েছে। ওই দোকানগুলোর পাশ দিয়ে পিচঢালা পথ ধরে পায়ে হেঁটে একটু সামনে এগিয়ে গিয়ে ডানদিকে একটি কাঁচা সড়ক পাওয়া যায়। সে সড়ক ধরে ৫ মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যায় কাশ্মীর টিলায়। তবে সিএনজি অটোরিকশা রিজার্ভ করে নিয়ে এলে বা মোটরসাইকেল নিয়ে এলে সরাসরি টিলাটির পাদদেশেই যাওয়া যায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত