ভোলায় জুয়া খেলার আসরে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৩ হাজার ২৭০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর ৪ নম্বর ওয়ার্ডে আলমগীর মিস্ত্রীর সুপারি বাগানে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই আব্দুল আজিজের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
এ সময় ঘটনাস্থলে জুয়া খেলারত অবস্থায় সাতজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. রুবেল (৩০), মো. নসু হাওলাদার (৪৫), মো. আলাউদ্দিন (৪২), মো. মনির হোসেন (২৭), মো. রাকিব (৩৬), মো. মোতাসিম (৪০) ও মো. মনির (৩১)। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।