নতুন অধিনায়ককে অভিনন্দন জানালেন জ্যোতি

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের হাতে আগামী এক বছরের জন্য নেতৃত্ব ভার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  তিনি নিগার সুলতানা জ্যোতির স্থলাভিষিক্ত হলেন। এ ছাড়া সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সোবহানা মোস্তারিকে।

বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, 'আমরা নির্বাচন প্যানেলের সদস্য ও অন্যদের সঙ্গে বৈঠক করে নাহিদার হাতে টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সোবহানা মোস্তারি তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।' ২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই সহ-অধিনায়কের ভূমিকায় ছিলেন নাহিদা। রফিকুল মনে করেন, দলের দায়িত্ব তুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়। তিনি বলেন, নাহিদা দীর্ঘ সময় ধরে সহ-অধিনায়ক হিসেবে ছিলেন। আমাদের মনে হয়েছে, আমাদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব তার হাতে তুলে দেওয়ার এটিই সঠিক সময়।

এদিকে, নতুন দায়িত্বের জন্য নাহিদাকে অভিনন্দন জানিয়ে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জ্যোতি। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জ্যোতি লিখেছেন, 'আমি বিশ্বাস করি, সে নিজের সামর্থ্য ও নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দলে আমাদের ভূমিকার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের লাল-সবুজ পতাকার প্রতি আবেগ একই আছে, আমাদের লক্ষ্যও একই—বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।’

জ্যোতি আরও বলেন, ‘একজন সতীর্থ হিসেবে নাহিদার পাশে আছি, থাকব। দলের সাফল্যের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা সম্ভব, তা করতে আমি সবসময় প্রস্তুত। আমরা একসঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছি। সামনে বাংলাদেশের জার্সিতে একসঙ্গে আরও অনেক সাফল্যের গল্প লিখতে চাই।’

থাইল্যান্ডে নভেম্বরে নির্ধারিত আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস টি-টোয়েন্টি ট্রফি টুর্নামেন্ট দিয়ে নাহিদা ও সোবহানার নেতৃত্বের অভিষেক হবে। ১০টি দলের অংশগ্রহণে হবে খেলা। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পিনজি ও ইউএইকে নিয়ে ‘এ’ গ্রুপ। বাংলাদেশ, পাকিস্তান, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়েকে নিয়ে ‘বি’ গ্রুপ। টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল থাইল্যান্ডে। দেশটি বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্যু সরিয়ে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই সপ্তাহে ভেন্যু চূড়ান্ত হবে বলে জানা গেছে।

 
সর্বশেষ সর্বাধিক পঠিত