ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ছাত্রদল নেতা মো. উবায়দুর রহমান রাকিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

রবিবার (১৮ অক্টোবর) বিকেলে আদালতে এ আবেদন করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ৭ নম্বর আসামি ইয়াকুব মিয়া (৩০) ও ১৬ নম্বর আসামি রমজান মিয়া (২৭)।

এর আগে গতকাল শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের বেহেত্তরী এলাকার পুরোনো মসজিদসংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত রাকিব আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় রাকিবের মামা মো. আতিকুর রহমান (৩৯) বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

ভুক্তভোগী পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে বেহেত্তরী গ্রামের পুরোনো মসজিদসংলগ্ন জুয়েল মিয়ার দোকানের সামনে জড়ো হন। একপর্যায়ে তাঁরা রাকিবের ওপর হামলা চালান। এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলাকারীদের হাতে রামদা, দা, চাপাতি, ছুরি, লোহার রড ও বাঁশের লাঠি ছিল। এ সময় রাকিবের মাথা লক্ষ্য করে কোপ দেওয়া হয়। এতে তাঁর মাথা, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

রাকিবের পরিবার ও মামলার বাদীর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর এ হামলা চালানো হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যান। পরে রাকিবকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ছাত্রদল নেতা রাকিবের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল। সংগঠনটির আহ্বায়ক ফরহাদ আহম্মেদ এক বিবৃতিতে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। তিনি বলেন, আঠারবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবের ওপর হামলার ঘটনায় তাঁরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাকিবকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত