ভারত যাচ্ছে সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ পিএম

এবারের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’। তারা মাধবপুর নবদুর্গা পূজা কমিটির আমন্ত্রণে আগামীকাল ২১ অক্টোবর আসামের উদ্দেশে রওনা দেবে। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর গ্রামে প্রথম কনসার্টে অংশ নেবে তারা। পরপর কয়েকটি স্টেজ শো শেষে আগামী ২৮ অক্টোবর তাদের বাংলাদেশে ফেরার কথা রয়েছে। ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক গানের মিশেলে টিম বৃষ্টির পরিবেশনা ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। অনুষ্ঠানে টিম বৃষ্টি আধুনিক ধর্মীয় গান পরিবেশনার পাশাপাশি সমসাময়িক ফোক  ঘরানার ফিউশন পরিবেশন করবে, যা দর্শকদের মুগ্ধ করবে বলে আশা প্রকাশ করেছেন ব্যান্ডটির ম্যানেজার অমিত সাহা।

তিনি আরও বলেন, ‘প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের আরও বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। দর্শকদের ভালোবাসা পেলে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।’

টিম বৃষ্টির সদস্যরা হলেন বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (ইউকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) ও তন্ময় দত্ত (বেজ গিটার)। টিম বৃষ্টির ভোকাল বৃষ্টি দে বলেন, ‘আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরুটা করোনার সময়। তখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। ঠিক সেই সময়ই সমবয়সী ভাইদের নিয়ে আড্ডা জমে ওঠে। সেই আড্ডার মূল বিষয়ই ছিল গান। গানের আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় গানের অনুষ্ঠানে অংশ নিই। ব্যান্ডের নামটি আশপাশে ছড়িয়ে পড়ে তখন থেকেই। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি; শুধু সামনের দিকে এগিয়ে চলা।

সর্বশেষ সর্বাধিক পঠিত