প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন কেউ আইনের ঊর্ধ্বে নন

আইনমন্ত্রী আসাদুজ্জামান

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০১:৪৯ এএম

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও তিনি দাবি করেন। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাদক আস্তানায় অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অভিযানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ ও পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অন্য চাকরিজীবীদের অংশগ্রহণের বিষয়ে আইনমন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিতে এখনো আইনগত কোনো বাধা নেই। এ বিষয়ে বিকল্প কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। আইনি প্রক্রিয়ায় সমাধান না আসা পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। আইন আগের মতোই রয়েছে।

মন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইতিবাচক পরিবর্তনের আশা করা যায়। নির্বাচনে সরকারের কাজের মাধ্যমেই এর প্রমাণ পাওয়া যাবে। সম্প্রতি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বক্তব্যে অনিয়মের মাধ্যমে সারের ডিলার নিয়োগের অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলকে রাজনীতি করতে হলে কোনো না কোনো বিষয় সামনে আনতে হয়। বিরোধিতার জন্যই তারা বিভিন্ন বিষয়ে বিরোধিতা করছেন। এটি তাদের বক্তব্য, যা সরকার বিশ্বাস করে না। সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে আইনমন্ত্রী জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত