জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন এ পাপে ভোগেন। এটা আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। গতকাল সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়লেন ইশরাক হোসেন। তিনি নতুনভাবে রাজনীতিতে নেমেছেন। মাদকের বিষয়টি যাতে বন্ধ হয়, তিনি সে চেষ্টা করছিলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা শুনেছিলাম বিএনপি সরকার নাকি সনাতন ধর্মাবলম্বী সবাইকে নিরাপত্তা দেবে। কিন্তু বিএনপি সরকার তাদের ভালোভাবে নিরাপত্তা দিতে পারেনি। গত তিন-চার মাসেও অনেক জায়গায় ভাঙচুরের ঘটনা দেখা গেছে বলেও তিনি মন্তব্য করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্বেগের কথাও তিনি তুলে ধরেন। তার মতে, তাদের ক্ষোভ ও কষ্টের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এ সময় মুসলিম সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, সবকিছু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে হিন্দু সম্প্রদায়ের কেউ কষ্ট না পান বা আহত বোধ না করেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে কথা বলার কারণে তাকে যেন শাহবাগী বা হিন্দুদের নতুন সংস্করণ বলে আখ্যা দেওয়া না হয়। ভুল বোঝাবুঝি দূর করতে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে তাদের উদ্বেগ ও অভিযোগ শোনারও আহ্বান জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম প্রমুখ।