জাতিসংঘের তহবিল সংকট

গাজায় খাদ্য সহায়তা থেকে বঞ্চিত ৫ লাখ ফিলিস্তিনি

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ এএম

তহবিল সংকটের কারণে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় সহায়তা কর্মসূচিতে বড় ধরনের কাটছাঁট করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

সংস্থাটির এই সিদ্ধান্তে ওই অঞ্চলের প্রায় ৫ লাখ মানুষ মাসিক খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন; যেখানে সেখানকার মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই পর্যাপ্ত খাবারের সংস্থানে লড়াই করছে। ডব্লিউএফপি বলেছে, গাজায় সংস্থাটির মাসিক সহায়তাপ্রাপ্ত গ্রহীতার সংখ্যা ১৬ লাখ থেকে কমিয়ে ১১ লাখে নামিয়ে আনা হচ্ছে।

এছাড়া, খাবারের বরাদ্দ অর্ধেক, ৭৫ হাজার পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা হ্রাস এবং যাদের রান্না করার সুযোগ নেই, তাদের জন্য দৈনিক রান্না করা গরম খাবারের সংখ্যা আড়াই লাখ থেকে কমিয়ে দেড় লাখে নামিয়ে আনা হয়েছে। দুর্গম অঞ্চলের কিছু পরিবার বর্তমানে কেবল একদিন পর পর একবার রান্না করা খাবার পাচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলেছে, গাজার প্রায় ১৪ লাখ মানুষ কিংবা মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই খাদ্য নিরাপত্তাহীনতার চরম সংকট বা তার চেয়েও খারাপ পরিস্থিতির মুখোমুখি, যার মধ্যে প্রায় ২ লাখ মানুষ জরুরি অবস্থায় রয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত