লারা-ব্র্যাডম্যানের রেকর্ড ছুঁলেন চিন্ময়

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৮:১৫ এএম

তিন কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যান, হানিফ মোহাম্মদ ও ব্রায়ান লারার রেকর্ডে ভাগ বসালেন ভারতীয় তরুণ চিন্ময় সুতার। ভারতের ফার্স্ট ক্লাস ক্রিকেট প্রতিযোগিতা রনজি ট্রফিতে নাগাল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪০০ রানের ইনিংস খেলেছেন মুম্বাইয়ে জন্ম নেওয়া এ ক্রিকেটার। রনজি ট্রফির ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এ মাইলফলক ইনিংস খেললেন তিনি। আর ক্রিকেটবিশ্বে দশম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়লেন।

মুম্বাইয়ের এ অলরাউন্ডার চলতি বছর থেকে মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। মুম্বাইয়ের হয়ে কয়েকটি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ পাননি কখনো। রনজি ট্রফির প্রথম ম্যাচে মণিপুরের বিপক্ষে তার অভিষেক হয়। সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। আউট হয়ে যান ৯৯ রান করে। প্রথম ইনিংসে করেন ৩৫ রান। সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ দ্বিতীয় ম্যাচেই সুদে-আসলে পূরণ করে দিলেন চিন্ময়।

গতকাল ম্যাচের দ্বিতীয় দিন ৪৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৪০০-এর মাইলফলক স্পর্শ করেন চিন্ময়। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ব্রায়ান লারা এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডব্লিউএইচ পনসফোর্ড দুবার করে ৪০০ প্লাস ইনিংস খেলার কৃতিত্ব দেখিয়েছেন। লারা ওয়ারউইকশায়ারের হয়ে ডারহামের বিপক্ষে ১৯৯৪ সালে ৫০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এ ছাড়া ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অপরাজিত ৪০০ রান করেন। পনসফোর্ড ১৯২৭ সালে ভিক্টোরিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ৪৩৭ ও ১৯২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ৪২৯ রানের ইনিংস খেলেছিলেন। চিন্ময়ের আগে বিবি নিম্বালকার ১৯৪৮ সালে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি (৪৪৩*) গড়েছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত