গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, বাংলাদেশিই বেশি

  • লিবিয়ার বিপজ্জনক সাগরপথ পেরিয়ে ইউরোপের স্বপ্নে বিভোর ২০০ জনেরও বেশি অভিবাসী এখন গ্রিসের অস্থায়ী শিবিরে, যাদের একটি বড় অংশই বাংলাদেশি নাগরিক।
আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৮:০১ এএম

গ্রিসের উপকূলে কয়েক ঘণ্টার ব্যবধানে বাংলাদেশ ও সুদানের নাগরিকসহ ২০০ জনের বেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। ৪৮ ঘণ্টারও কম সময়ে লিবিয়া উপকূল থেকে আসা একাধিক নৌকা থেকে মোট ২০২ জনকে উদ্ধার করা হয়েছে।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে নৌকায় করে এসব অভিবাসী ক্রিট দ্বীপে পৌঁছান। পরে তাদের উদ্ধার করে অস্থায়ী আবাসনকেন্দ্রে নেওয়া হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ড ও একটি মাছ ধরার ট্রলার যৌথভাবে অভিযান চালিয়ে নৌকাটিতে থাকা সবাইকে উদ্ধার করে। পরে তাদের আইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয়। সেখানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

এর কয়েক ঘণ্টা আগেই দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। প্রথম নৌকাটিতে ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক।

দ্বিতীয় নৌকাতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং ৯ জন মিসরের নাগরিক। এর আগে ও পরে উদ্ধার হওয়া ব্যক্তিদের নিয়ে ৪৮ ঘণ্টারও কম সময়ে ক্রিটে পৌঁছানো অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

উদ্ধার হওয়া সবাইকে হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন অব্যাহত থাকায় কেন্দ্রটি তাদের সাময়িক আশ্রয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে নতুন করে আসা অভিবাসীদের ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত