দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় দিয়ে মিশন শেষ করলো ফর্টিজ

আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম

এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৬-২৭ আসরের ‘সি’ গ্রুপের নিজেদের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও তাজিকিস্তানের এফসি রেগার-তাদাজকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের ফর্টিজ এফসি। এই জয়ে টুর্নামেন্টটি ইতিবাচকভাবে শেষ করতে পারলো মোহাম্মদ মাসুদের দল।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে আল-কাদসিয়ার কাছে ৩-০ এবং এফসি গোয়ার কাছে ২-১ গোলে হেরেছিল ফর্টিজ। শুক্রবারের এই জয়ের ফলে দুই দলই সমান ৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

ম্যাচের শুরুতেই লিড নেয় তাজিকিস্তানের ক্লাবটি। ১২ মিনিটের মাথায় এনডং ফোয়ের চতুর ফ্লিকে বল পেয়ে ডান দিক থেকে বক্সে ঢুকে পড়েন শেরজোদ মাখামাদিয়েভ। এরপর ফর্টিজের গোলরক্ষক সুজন পেরেসকে পরাস্ত করে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

তবে খেলার মোড় ঘুরে যায় তার ঠিক পাঁচ মিনিট পরেই। মার্টিন আকো আসোমোর দুর্বল ব্যাকপাস ধরে জাপানি ফরোয়ার্ড নোরিকি আকাটাকে ডি-বক্সের বাইরে ফাউল করেন রেগার-তাদাজের গোলরক্ষক সেভেরিন তাকাম। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

বদলি গোলরক্ষক হিসেবে নামা শাখোবিদ্দিন মাখমুদজোদাকে শুরুতেই পরীক্ষার মুখে ফেলেন পা ওমর, যার বাঁকানো ফ্রি-কিক গোলরক্ষক কোনোমতে প্রতিহত করেন। প্রতিপক্ষের ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগিয়ে ফর্টিজ আক্রমণ বাড়ালেও ৩৫ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে। বক্সে সতীর্থের বুক দিয়ে নামিয়ে দেওয়া বলে আকাটা শট নিলেও তা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবলই খেলে রেগার-তাদাজ; তারা রক্ষণাত্মক হতে না চাওয়ায় ফাঁকা জায়গার পূর্ণ সদ্ব্যবহার করে ফর্টিজ। ৬৭ মিনিটে আসে কাঙ্ক্ষিত সমতাসূচক গোল। মাখমুদজোদাত শুখির শট আটকাতে গিয়ে বল ফেলে দেন ওমরের পায়ে, যিনি সুযোগ বুঝে দূরের পোস্টে থাকা রাফায়েল টুডুকে বল বাড়ান। ব্যাকহিলে দারুণ ফিনিশিংয়ে স্কোরলাইন ১-১ করেন টুডু।

এর মাত্র চার মিনিট পরেই ম্যাচে লিড নেয় বাংলাদেশের প্রতিনিধিরা। মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে আনাতা তামানগের হেডের পর শিয়ান কাওয়াসাকি বুলেট গতির এক ভলিতে পরাস্ত করেন বদলি গোলরক্ষককে (২-১)।

এরপর ম্যাচের ৮৮ মিনিটে জয় নিশ্চিত করেন শুখি। ওমরের বাড়ানো বল থেকে নিখুঁত প্লেসমেন্টে বল জালে জড়িয়ে ফর্টিজের ৩-১ গোলের দারুণ জয় নিশ্চিত করেন তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত