আবাহনীকে হারিয়ে ব্রাদার্সের প্রথম জয়

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০১:২৫ এএম

বাংলাদেশ ফুটবল লিগে চতুর্থ ম্যাচে হারের ধাক্কা খেল আবাহনী লিমিটেড। গোপালগঞ্জ স্টেডিয়ামে গতকাল রোমাঞ্চকর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-১ গোলে হেরেছে আকাশি-নীলরা। ব্রাদার্সের জয়ের নায়ক পাকিস্তানি ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা, তিনি একাই করেন দুটি গোল।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আবাহনী। সজিবের ক্রস থেকে হেড করেন বাবাতুঙ্গে। তবে তার হেডটি অল্পের জন্য পোস্টঘেঁষে বাইরে চলে যায়। ১৫তম মিনিটে বক্সের ভেতর থেকে আলামিনের কাটব্যাকে পা ছোঁয়াতে ব্যর্থ হন সবুজ হোসেন। ২৭তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। থিয়াগোর লং বল থেকে পাওয়া বলে পা ছোঁয়ান রাজা। গোলকিপার এগিয়ে এসে হাতে লাগালেও বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। সেই সুযোগে ফাঁকা পোস্টের দিকে এগিয়ে গিয়ে আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন রাজা।

পিছিয়ে ফিরে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। ম্যাচের ৪২তম মিনিটে বক্সের ভেতর থেকে আলামিনের নেওয়া বুলেট গতির শট হাত লাগিয়ে প্রতিহত করেন ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার মোহাম্মদ রাজিব। পরের মিনিটেই সানডের হেডার লাফিয়ে উঠে তালুবন্দি করেন রাজিব।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আবাহনী। ৫৭তম মিনিটে সেট পিস থেকে বাবাতুঙ্গেকে পাস দেন ইয়াসিন। সেখান থেকে লে-অফে বল পেয়ে জোরালো শট নেন রবিউল হাসান। গোলকিপার ঝাঁপিয়ে পড়েও সেই শট ঠেকাতে পারেননি।

ম্যাচের ৬০তম মিনিটে ওদোয়ার সঙ্গে চ্যালেঞ্জে জড়িয়ে মাটিতে পড়ে যান বাবাতুঙ্গে। অন্য পাশে মঈন আহমেদকে ফেলে দেন জনাথন সান্তানা। এরপর সান্তানাকে ধাক্কা দেন আবাহনীর অ্যান্থনি ওকাচি। পাল্টা ধাক্কায় ওকাচিকেও ফেলে দেন ব্রাদার্সের সান্তানা। দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও বাকবিত-ার একপর্যায়ে ওকাচি ও সান্তানা দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচের ৭৬তম মিনিটে নিজের ও দলের দিতীয় গোল করেন আলি রাজা। জামাল ভূঁইয়ার বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি মোহাম্মদ আসাদুজ্জামান বাবলু। গোলকিপারকে ফাঁকা পেয়ে বল জালে জড়ান রাজা।

ম্যাচের ৮০  মিনিটে সজিবের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ব্রাদার্সের গোলকিপার রাজিব। ২ মিনিট পর আমির আলির ক্রস থেকে বাবলুর হেড পোস্টঘেঁষে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন। এবারের বাংলাদেশ লিগে চার ম্যাচ খেলে এটিই আবাহনীর প্রথম হার। ড্র দিয়ে লিগ শুরু করার পর টানা দুই ম্যাচে জয় পেয়েছিল তারা। অন্যদিকে প্রথম তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হারের পর চতুর্থ ম্যাচে এসে মৌসুমে প্রথম জয়ের স্বাদ পেল ব্রাদার্স ইউনিয়ন।

অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-২ গোলে হারায় ইয়ংমেন্স ফকিরেরপুলকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত