দেশের সব বাণিজ্যিক ব্যাংকের সাপ্তাহিক ছুটি কমিয়ে এক দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন এ দাবি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে বিভিন্ন সময়ে অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ব্যাংকিং লেনদেনে ব্যবসায়ীরা বাধাগ্রস্ত হন। ঈদ, পূজা, বড়দিনসহ বিভিন্ন ছুটির কারণে বছরে ১২০ থেকে ১৩০ দিন ব্যাংক বন্ধ থাকে। এতে ব্যবসায়ীদের ঋণের সুদ ১৪-১৫ শতাংশ থেকে বেড়ে ২৫-৩০ শতাংশে দাঁড়ায় বলে দাবি করেছে সমিতি।
সমিতির মতে, দীর্ঘ ছুটিতে পর্যটন, জ্বালানি, হোটেল-রেস্তোরাঁসহ খুচরা ও পাইকারি ব্যবসায় লেনদেন ব্যাহত হয়। এ সময়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ব্যবসাপ্রতিষ্ঠানে বা বাসায় রাখতে গিয়ে নিরাপত্তাঝুঁকিতে পড়েন ব্যবসায়ীরা। এতে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কাও বাড়ে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যুৎ, পানি, গ্যাস, থানা ও হাসপাতালের মতো জরুরি সেবা বন্ধ রাখা যায় না। একইভাবে ব্যাংকিং সেবাও এক দিনের বেশি বন্ধ রাখা উচিত নয়। ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে দেশকে দীর্ঘ ছুটির কবল থেকে মুক্ত রাখার দাবি জানিয়েছে সমিতি।