মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে একজন গ্রেপ্তার, পিকআপ উদ্ধার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম

টাঙ্গাইলের করোটিয়ার খুদিরামপুরে ঢাকাগামী মহাসড়কে গরুবাহী একটি পিকআপে ডাকাতির চেষ্টাকালে একজনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময়  ৯টি গরুসহ পিকআপ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি ৩৪ মামলার আসামি। তার নাম মিজান (৫০)।

রবিবার (২৫ অক্টোবর) হাইওয়ে পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাত ১২.২০ মিনিটের দিকে মধুপুরের এলেঙ্গা মহাসড়কে ৫-৬ জনের একটি ডাকাত দল একটি সাদা রঙের মাইক্রোবাস যোগে ডাকাতির চেষ্টা করে। তারা টাঙ্গাইল জেলার সদর থানাধীন করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কের উপর একটি নীল রঙের গরুবাহী পিকআপের গতিরোধ করে।

ডাকাত দল পিকআপে থাকা চারজন ব্যক্তি মধ্যে তিনজনকে নামিয়ে দেয় এবং অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি করতে থাকে। এসময় মহাসড়কে টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এসময় একজনকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ। ডাকাত দলের অন্য সদস্যরা মাইক্রোবাসে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে ৯টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়। ডাকাত দলের পলাতক সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিজান একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দস্যুতা, ডাকাতি, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের মোট ৩৪টি মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত