নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোটও জব্দ করা হয়। জব্দ করা পামওয়েলের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এ অভিযান পরিচালনা করে।
রবিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নলচিরা ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে বাজারজাত করার উদ্দেশ্যে বহন করা শুল্ক ফাঁকি দিয়ে আনা ৯ হাজার ৫০০ লিটার অপরিশোধিত পামওয়েল ও চোরাচালানে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, জব্দ করা পামওয়েল ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।