চট্টগ্রামের হাটহাজারী মডেল থানা ভবন থেকে দুই'শ দূরত্বে নকল স্বর্ণ দেখিয়ে খালেদা বেগম নামে এক নারীর কাছ থেকে প্রায় পৌনে চার লাখ টাকা মূল্যের দেড়ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।
আজ রবিবার বেলা দেড়টার দিকে হাটহাজারী বাজারের ত্রিবেণী মিষ্টি ভান্ডার মোড়ে নুরজাহান বেকারির সামনে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ রবিবার সন্ধ্যায় ভুক্তভোগী খালেদা বেগম হাটহাজারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। একইসঙ্গে তিনি (ভুক্তভোগী নারী) ঘটনার দুটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও থানার ডিউটি অফিসারকে দিয়েছেন। খালেদার বাড়ি উপজেলার পৌরসভা এলাকার মীরেরহাট আলমপুর গ্রামে।
অভিযোগ সুত্রে জানা গেছে, রবিবার বেলা সোয়া ১ টার দিকে ওষুধ কিনতে হাটহাজারী বাজারে আসেন। এ সময় চট্টগ্রাম-নাজিরহাট মহাসড়কের পাশে নুরজাহান বেকারির সামনে ৩০/৩২ বছর বয়সী দুই যুবক ৫৫ বছর বয়সী খালেদা বেগমকে স্বর্ণের (নকল) একজোড়া বালা দেখিয়ে বলেন, "বিদেশ যাওয়ার জন্য আপনার সহযোগীতায় স্বর্ণের বালা দুটি সোনার দোকানে বিক্রি করতে চাই। কোথায় সোনার দোকান আছে দেখিয়ে দিন। বালাগুলো বিক্রিতে সহায়তা আপনিও লাভবান হবেন।"
এসময় ঘটনাস্থলে আসেন প্রতারক চক্রের আরও দুই সদস্য । এরপর খালেদা বেগম প্রতারকদের উদ্দেশ্যে বলেন,"সোনার দোকানে যান। আমার কাছে আসছেন কেন?"। এ সময় তার (খালেদা) গলায় পরিহিত স্বর্ণের চেইন ও আংটির বিনিময়ে বালা দুটি নেওয়ার প্রস্তাব করেন প্রতারকরা। একপর্যায়ে তাদের ফাঁদে পড়ে যান খালেদা বেগম।
কৌশলে খালেদা বেগমের গলায় পরিহিত আসল স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিতে তাকে জেলা পরিষদ মার্কেটের শৌচাগারের সামনে নিয়ে যান প্রতারক চক্র। এরপর নকল বালা দুটি খালেদা বেগমের হাতে দিয়ে তার গলায় পরিহিত দেড়ভরি ওজনের আসল স্বর্ণের চেইন ও আংটি হাতিয়ে নিয়ে চম্পট দেন প্রতারক চক্র। এই প্রসঙ্গে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে আজ রাত সোয়া ১০ টার দিকে বলেন, "ঘটনাটি তদন্ত হচ্ছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে প্রতারকদের শনাক্ত করার চেষ্টা চলছে।"