চলতি বছর একদিনে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জন মারা গেছেন। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন। যা চলতি বছর একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একই সময়ে হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হাম উপসর্গে মোট ১২ জনের মৃত্যু হলো।

গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুর বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি মাসের ২৫ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৩৯ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৩২৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২১১, চট্টগ্রামে ২১৭, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০৫, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২২৭, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২০১, খুলনায় ২৯৭, ময়মনসিংহে ১৫৫, রাজশাহীতে ২২৪, রংপুরে ৮২ এবং সিলেটে ৩০ জন ভর্তি হয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭২৫ জন।

অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জনে। আর এ বছরে মোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের। জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ডেঙ্গুর মোট আক্রান্তদের মধ্যে ৬২.১ শতাংশ পুরুষ এবং ৩৭.৯ শতাংশ নারী।

এদিকে হামবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮০ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৭৬ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১ হাজার ৩৫৬ শিশু। এই নিয়ে সরকারি হিসাবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে ১ হাজার ২২৭ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৪ শিশুর। বাকি ১ হাজার ১২৩ শিশুর মৃত্যু হয়েছে হাম উপসর্গে। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৫৬৪ শিশু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ২৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হাম উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ২১ হাজার ১৬৪ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৩ হাজার ৪০০ জন। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৭০৩ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৮ হাজার ৬৭৪ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগের ২, ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৬০ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৬৬ জন।

সর্বশেষ সর্বাধিক পঠিত