বয়স ৭০ পার। অথচ এখনো জোটেনি বিধবা ভাতা কিংবা বয়স্ক ভাতা। ঘরে শয্যাশায়ী তীব্র সেরিব্রাল পালসিতে আক্রান্ত ১১ বছরের নাতনি সোনালী তাঁতী। তাকে খাওয়ানো, গোসল করানো, কাপড় বদলানো থেকে শুরু করে তার পরিষ্কার-পরিচ্ছন্নতার সব দায়িত্বই একা সামলাতে হচ্ছে বৃদ্ধা সনকা তাঁতীকে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের বাসিন্দা সনকা তাঁতীর জীবন এমনই। দুঃখ-কষ্ট আর সংগ্রামের এক দীর্ঘ গল্প। বয়সের ভারে নিজেই যখন ন্যুব্জ, তখন প্রতিবন্ধী নাতনির দেখভাল করতে গিয়ে প্রতিদিনই তাকে করতে হচ্ছে হাড়ভাঙা পরিশ্রম। কিছুদিন আগে একটি বেসরকারি সংস্থার কাছ থেকে নাতনি সোনালীর জন্য একটি হুইল চেয়ার পেয়েছেন সনকা। এতে কিছুটা স্বস্তি মিললেও নাতনির সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব থেকে মুক্তি মেলেনি তার।
বর্তমান পরিস্থিতি জানতে চাইলে আক্ষেপ করে সনকা তাঁতী বলেন, ‘বয়স হয়েছে, চোখে ঝাপসা দেখি। বউমা বাপের বাড়ি গেলে নিরুপায় হয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে যাই। লাকড়ি, ঘাসের জন্য বনে যেতে হয়। কারণ তখন তাকে দেখার মতো আর কেউ থাকে না।’
সনকার একমাত্র ছেলে রিন্টু তাঁতী। তিনি কীর্তনের কাজে প্রায়ই বাড়ির বাইরে থাকেন। স্ত্রী (সোনালীর মা) মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করলেও তার বর্তমান স্ত্রী বাগানে কাজের কারণে বাড়িতে কম থাকে। ফলে সোনালীর সম্পূর্ণ দায়িত্ব এসে পড়েছে বৃদ্ধ দাদির কাঁধে। রিন্টুর দ্বিতীয় সংসারে দুটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য লছমী নারায়ণ অলমিক জানান, সনকা তাঁতীর জন্য বিধবা ভাতার আবেদন করা হয়েছে। তিনি বলেন, ‘বিধবা ভাতার চাহিদা বেশি থাকায় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। এটা একটা বিরাট সমস্যা। যদি না মিলে, তাহলে তাকে প্রতিস্থাপনের মাধ্যমে ভাতার আওতায় আনার জন্য চেষ্টা করব।’