ছাত্রী অপহরণের অভিযোগে মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে মামলা

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মামলা করার পর পরই অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ এএম

গাজীপুরের সদরে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে আরিফুল ইসলাম নামের একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর বাবা পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা করেন।

রবিবার (২৫ অক্টোবর) রাতে করা ওই মামলায় দুইটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে প্রধান আসামি করা হয়।

অভিযুক্ত আরিফুল ইসলাম (২৯) ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে বাসিন্দা।

মামলার অন্য আসামিরা হলেন আরিফুল ইসলামের ভাই শরীফ মিয়া (৩৫), তাদের বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) ও দেলোয়ার হোসেন (৪৫)।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মামলা করার পর পরই অপহৃত ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে বলা হয়, আরিফুল ইসলামের একটি মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত ওই ছাত্রী। আরিফুল ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের হুমকি দেওয়া হয়। বিষয়টি ছাত্রী তার পরিবারকে জানালে শিক্ষক আরিফুল ইসলামকে এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর আরিফুল ইসলাম সহযোগীদের নিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। ছাত্রীর বাবা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় মামলা করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত