নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৬০ বোতল ফেয়ারডিল, ১১০ বোতল স্কাফ সিরাপ ও ৮০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে এসআরবি-১১। এ সময় সাহিদা (৩৯) নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তার স্বামী মো. বশীর আলম হৃদয় (৪৭) পালিয়ে গেছেন বলে জানিয়েছে সংস্থাটি।
রবিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাঁচরুখী এলাকায় বশীর আলম হৃদয়ের বাড়িতে এ অভিযান চালানো হয়।
আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাহিদা ও তার স্বামী বশীর আলম হৃদয়ের বিরুদ্ধে মামলা করেছেন এসআরবির সিনিয়র ওয়ারেন্ট অফিসার এস এম শরিফুল ইসলাম।
মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআরবি-১১-এর সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির একটি কক্ষ থেকে এক নারী ও এক পুরুষ বের হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাহিদাকে আটক করা সম্ভব হলেও তার স্বামী পালিয়ে যান।
এজাহারে বলা হয়েছে, বাড়ির ওই কক্ষের খাটের নিচে একটি প্লাস্টিকের বস্তায় ১৬০ বোতল ফেয়ারডিল ও ১১০ বোতল স্কাফ সিরাপ পাওয়া যায়। এ ছাড়া খাটের তোষকের নিচে নীল রঙের একটি জিপার প্যাকেটে ৮০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
এসআরবি-১১-এর দাবি, জিজ্ঞাসাবাদে সাহিদা জানিয়েছেন, তিনি ও তার স্বামী পরস্পরের যোগসাজশে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রেখেছিলেন।
জিম্মি করে টাকা আত্মসাৎ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার