রাঙামাটিতে বন্য শূকরের আক্রমণে কৃষকের মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পিএম

রাঙামাটির রাজস্থলীতে পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

মৃত হরিমনি ত্রিপুরা (৪৫) উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের বলিপাড়া এলাকার বাসিন্দা।

নিহতের বড় ভাই জন ত্রিপুরা জানান, সোমবার পাহাড়ের জুমখেত থেকে ধান আনতে গিয়েছিলেন হরি মনি। এ সময় পাহাড়ের ওপর থেকে হঠাৎ একদল বন্য শূকর তার দিকে ধেয়ে আসে। প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও শূকরের সামনে পড়ে যান তিনি। বন্য শূকরের আক্রমণে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। মঙ্গলবার (২৭ অক্টোবর) মরদেহের সৎকার করা হবে বলে জানান তিনি।

ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে এলাকায় নিয়ে আসার পর জানতে পেরেছি। দুর্গম এলাকায় ঘটনাটি ঘটায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো সম্ভব হচ্ছে না।  তবে ঘটনাটির সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত