বিইউএফটির জাতীয় কুইজ প্রতিযোগিতা-২০২৬

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পিএম

দেশের বিভিন্ন অঞ্চলের কলেজশিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ‘বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০–২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় নির্বাচিত হয়েছেন সেরা প্রতিযোগী।

২৫ অক্টোবর ২০২৬ বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)। বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দলের সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতার পাওয়ার্ড বাই সহযোগী ছিল বিআরবি, নেক্সাজেন ও আরএফএল। কো-পাওয়ার্ড বাই সহযোগী হিসেবে ছিল ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং ও ওএমসি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী। প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর বিজনেস ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত; বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম এ মজিদ তালুকদার; বোর্ডের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং বোর্ডের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতার প্রথম রাউন্ডে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১ হাজার ৪২৪ জন কলেজশিক্ষার্থী এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রতিযোগীরা দ্বিতীয় ধাপের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নেন। এ ধাপ থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। পরবর্তী বাজার রাউন্ডে ছয়টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে চারটি দল গ্র্যান্ড ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে অডিও-ভিজ্যুয়াল ও র‍্যাপিড-ফায়ার রাউন্ড অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল তরুণদের বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ সাধনে অনুপ্রাণিত করা এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা। পুরো আয়োজনজুড়ে জ্ঞান, সৃজনশীলতা ও উদ্দীপনার সমন্বয়ে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিকসহ বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ, বিজয়ী ও অতিথিদের নিয়ে দলীয় আলোকচিত্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন রানওয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪ এবং নলেজ পার্টনার লার্নআপ। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল সময় টিভি, আমাদের সময়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস ও রেডিও টুডে।

সর্বশেষ সর্বাধিক পঠিত