অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত রেখে সরকার তাকে এই নিয়োগ প্রদান করেছে।
নিয়োগের শর্তানুযায়ী, যোগদানের তারিখ থেকে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে সব ধরনের কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে।
তিনি ২০২৩ সালের ২৩ আগস্ট থেকে অর্থ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব ছিলেন।
তিনি যোগদানের তারিখ থেকে এক বছর অর্থ বিভাগের সচিব পদে থাকবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।