মা-ছেলেসহ সড়কে ঝরল সাত প্রাণ

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ এএম

দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবরÑ

নেত্রকোনা : নেত্রকোনার দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর চালক পালিয়ে যান। গতকাল সোমবার বিকেলে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী এক নারী জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় তারা তিন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পথচারী ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

মনিরামপুর (যশোর) : যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশুসন্তান নিহত এবং পিতা আহত হয়েছেন। গত রবিবার রাতে উপজেলার হানুয়ার বাজারের তালতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওমর ফারুক তার স্ত্রী মৌসুমী বেগম (৩২) ও তার ৪ বছর বয়সী ছেলে আব্দুর রহমান মোটরবাইকে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। উপজেলার হানুয়ার বাজারের তালতলা নামক স্থানে পৌঁছলে দ্রুতগামী মাছবাহী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে মোটরবাইকটি রাস্তায় ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিগাড়ি তাদের চাপা দেয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৌসুমী বেগম ও তার ছেলে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত পিতা ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড়ে ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত আতিকুর রহমান উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদি গ্রামের আলহাজ মোবারক হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার সকালে আতিকুর রহমানসহ তিনজন একটি করিমন গাড়িতে করে দাশুড়িয়া থেকে মাছ নিয়ে বিক্রির উদ্দেশ্যে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে একটি ট্রাক করিমনটিকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুরকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেনÑ চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী ও বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামের জিএম সেলিম (৪৫), কনকাপৈত ইউনিয়নের বসকরা গ্রামের নজির আহমেদ (৯৬) ও মাদারীপুর জেলার ইমরান হোসেন (৩৭)। গতকাল সোমবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নিরঞ্জন কুমার। জানা গেছে, গতকাল সকালে চৌদ্দগ্রাম পৌরসভার প্রকৌশলী বিভাগের কার্যসহকারী জিএম সেলিম মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে কর্মস্থলে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত