পাবনায় ইয়াবাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ পিএম

পাবনার আমিনপুরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছা. তানিয়া খাতুন (২৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন তার স্বামী ও মামলার প্রধান অভিযুক্ত মো. টুটুল সরকার (৩১)।

সোমবার (২৬ অক্টোবর) রাতে আমিনপুর থানার আহম্মদপুর ইউনিয়নের দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, দুর্গাপুর উত্তরপাড়া গ্রামে টুটুল সরকারের বসতবাড়িতে ইয়াবা কেনাবেচা চলছে। পরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবলদের সহায়তায় তানিয়া খাতুনকে আটক করা হয়। তবে পালিয়ে যেতে সক্ষম হন তার স্বামী টুটুল সরকার।

পরে সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তানিয়ার শরীর তল্লাশি করা হয়। এ ছাড়া বসতঘরের বারান্দায় পাটখড়ি ও লাকড়ির স্তূপের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ পিস নীল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানিয়া খাতুন স্বীকার করেন, তারা স্বামী-স্ত্রী মিলে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। পুলিশ আরও জানায়, পলাতক টুটুল সরকারের বিরুদ্ধে সাঁথিয়া থানায় আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমিনপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত