সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। ফরাসি বার্তা সংস্থা এএফপি চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা প্রায় ৮টার দিকে (গ্রিনিচ মান সময় ১৮:০০) শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলা চালানো হয়।
মঙ্গলবার নিয়ালা হাসপাতালের এক চিকিৎসাকর্মী বলেন, 'গত রাতের বোমা হামলায় ২১ জন নিহত হয়েছেন এবং ৪০ জনের বেশি আহত হয়েছেন।'
নিয়ালা শহরটি সুদানের আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কার্যত রাজধানী হিসেবে পরিচিত।
এএফপিকে আরেক স্থানীয় বাসিন্দা জানান, হামলার শিকার বাজারটিতে প্রায়ই সশস্ত্র ব্যক্তিদের আনাগোনা ছিল। তাঁদের মধ্যে আরএসএফের যোদ্ধারাও ছিলেন।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফের যুদ্ধ চলছে। এই সংঘাতের মধ্যে নিয়ালা শহরে নিয়মিত হামলা চালিয়ে আসছে সুদানের সামরিক বাহিনী।
এদিকে, খার্তুমে অবস্থিত সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিয়ালায় নিজস্ব প্রশাসন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আরএসএফ।
সুদানে দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতে বেসামরিক নাগরিকেরা ক্রমাগত নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। সর্বশেষ ড্রোন হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।