শান্তদের সমীহ করছে উইন্ডিজ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেস। প্রতিপক্ষের সাম্প্রতিক সাফল্যও নজরে আছে তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর লাল-সবুজের প্রতিনিধিদের হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না ক্যারিবীয় অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি করতে দুই টেস্টেই জয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছেন তারা।

আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই সিরিজে অংশ নিতে ঢাকায় আসার আগে ভারতের চেন্নাইয়ে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশে এসে পূর্ণাঙ্গ দল হিসেবে অনুশীলন ও প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও পেয়েছে তারা। সব মিলিয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী রস্টন। গতকাল মিরপুরে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘আমাদের বেশির ভাগ খেলোয়াড় চেন্নাইয়ের ক্যাম্পে ছিল। যারা সেখানে ছিল না, তারা ভারতে সাদা বলের সিরিজ খেলেছে। এরপর আমরা পূর্ণাঙ্গ দল হিসেবে দুটি ভালো অনুশীলন সেশন করেছি। একটি প্রস্তুতি ম্যাচও খেলেছি। আমার মনে হয়, খেলোয়াড়েরা এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে।’

বাংলাদেশের সাম্প্রতিক উন্নতিকে গুরুত্ব দিচ্ছেন রস্টন। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই দুর্বল ভাবার সুযোগ নেই বলে মনে দাবি তার, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এখন যেসব দলকে ছোট দল বা সহযোগী সদস্যদেশ হিসেবে বিবেচনা করা হয়, তারাও গত কয়েক বছরে অনেক উন্নতি করেছে। টেস্ট ক্রিকেট খেলা কোনো দলকেই দুর্বল বলা যায় না। ভারত বা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে যেভাবে প্রস্তুতি নিতে হয়, প্রতিটি দলের বিপক্ষেই সেভাবে প্রস্তুত হতে হবে।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে চার টেস্টে দুটি জয়, একটি ড্র ও একটি হার রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। পয়েন্ট তালিকায় অবস্থানের উন্নতি করতে বাংলাদেশের বিপক্ষে সিরিজটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন রস্টন, ‘পয়েন্ট তালিকায় ওপরে উঠতে চাইলে এই সিরিজে ভালো করতেই হবে। এ বছর আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই সিরিজে দুটি জয় পেতে চাই, যাতে তালিকায় ওপরে উঠতে পারি এবং পঞ্চম বা ষষ্ঠ স্থানে থেকে শেষ করতে পারি। সেটি দলের জন্য বড়দিনের ভালো উপহার হবে।’

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে ধারাবাহিকতা বজায় রাখাও ক্যারিবীয়দের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও ভালো স্কোর করতে চায় সফরকারীরা। তাতে বোলারদের জন্য প্রতিপক্ষকে চাপে রাখা সহজ হবে তাদের। সব মিলিয়ে প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার শান্তদের সাম্প্রতিক সাফল্য এবং কন্ডিশনের চ্যালেঞ্জ সামলে লক্ষ্য পূরণ করতে চান রস্টনরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত