অনুপ্রেরণা নিয়ে নামছে বাংলাদেশ

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে খেলার স্বপ্ন এখন আর কেবল কল্পনা নয়, বাস্তব সম্ভাবনাও দেখছে বাংলাদেশ। সেই স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আজ শুরু হচ্ছে সেই লড়াই। তবে ডব্লিউটিসির ফাইনালে ওঠার সমীকরণ মেলাতে এই সিরিজকে বাড়তি চাপ হিসেবে নিতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বরং বড় কিছু অর্জনের হাতছানিকেই অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি। নিজেদের প্রক্রিয়া অনুসরণ করে ধাপে ধাপে এগিয়ে যাওয়াই এখন বাংলাদেশ দলের লক্ষ্য।

ডব্লিউটিসির চলতি চক্রে ফাইনালে খেলার সম্ভাবনা জিইয়ে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজে ভালো ফল করা জরুরি বাংলাদেশের জন্য। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ে সাদা পোশাকের বনেদি সংস্করণে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ শান্তদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সমীকরণ কঠিন হলেও সেটিকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক, ‘আমি এটাকে চাপ হিসেবে দেখি না, বরং অনুপ্রেরণা হিসেবে দেখি। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে অনেক কিছু অর্জনের সুযোগ আছে। বিষয়টি আমাকে অনুপ্রাণিত করে।’

টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে ছয় ম্যাচে তিন জয়, দুই হার ও এক ড্রয়ে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। পয়েন্টের শতকরা হার ৫৫.৫৬। ক্যারিবীয়দের বিপক্ষে দুই টেস্টেই জিততে পারলে ফাইনালের দৌড়ে আরও শক্ত অবস্থানে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শান্তদের সামনে। তবে এত কিছু না ভেবে নিজেদের খেলার ধরন ঠিক রাখাকেই গুরুত্ব দিচ্ছেন শান্ত, ‘আমরা বাড়তি কিছু করতে চাই না। নিজেদের প্রক্রিয়া অনুসরণ করতে চাই এবং যে কাজগুলো আমরা ভালোভাবে করতে জানি, সেগুলোতে শতভাগ দিতে চাই।’

ফাইনালে খেলার সম্ভাবনা থাকলেও আপাতত দূরের কোনো লক্ষ্য নিয়ে ভাবতে চান না শান্ত। তার মনোযোগ কেবল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে, ‘সত্যি বলতে তেমন কিছু নেই মাথায়। আমি শুধু এই ম্যাচের কথা ভাবছি, এমনকি এই সিরিজের কথাও নয়। দল হিসেবেই আমরা শুধু চিন্তা করি যে, এই ম্যাচ বা সিরিজটি কীভাবে খেলব। আমরা যদি এই ধরনের সিরিজ বা ম্যাচ জিততে পারি, সামনে থাকা লক্ষ্যগুলোও পূরণ হয়ে যাবে।’

প্রস্তুতির দিক থেকেও নিজেদের অবস্থান নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক। আফগানিস্তান সিরিজের পর দেশে ফিরে ক্রিকেটাররা আগেভাগে অনুশীলন শুরু করায় প্রস্তুতির ঘাটতি দেখছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজ ভারতে কন্ডিশনিং ক্যাম্প করে এলেও প্রতিপক্ষের প্রস্তুতি নিয়ে বাড়তি চিন্তা করতে চান না শান্ত। তার মতে, অভিজ্ঞ খেলোয়াড়দের নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। তবে সাম্প্রতিক কয়েকটি টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারার বিষয়টি স্বীকার করেছেন অধিনায়ক, ‘আমাদের ধারাবাহিকতা দরকার। দুই-তিনটি টেস্টে আমরা আগে যেভাবে ভালো ক্রিকেট খেলেছি, সেভাবে খেলতে পারিনি। কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে আমরা আলোচনা করছি, নানা পরিকল্পনাও করছি। আশা করি, বর্তমান অবস্থান থেকে এই দল আরও ২০ থেকে ৩০ শতাংশ উন্নতি করতে পারবে।’

টেস্ট ক্রিকেট নিয়ে দর্শকদের বাড়তি আগ্রহও দলকে অনুপ্রাণিত করছে বলে স্বীকার করেন শান্ত, ‘এটা খুবই আনন্দের বিষয় যে সবাই এখন টেস্ট ক্রিকেটের জন্য অপেক্ষা করে, টেস্ট ক্রিকেট দেখে, টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলে। এটা অনেক বড় অনুপ্রেরণা আমাদের জন্য।’

অনুপ্রেরণার সঙ্গে স্বস্তি নিয়েই আজ প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। চোট কাটিয়ে ফিরতে পারেন লিটন দাস। গতকাল অনুশীলনে চোট পাওয়া অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের আজ মাঠে নামা নিয়ে কোনো শঙ্কা নেই বলেই বোর্ড সূত্রে জানা গেছে।

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে বিব্রত সরকার

সর্বশেষ সর্বাধিক পঠিত