প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণতন্ত্র ও আইনের শাসনের মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে একজন বন্ধু হিসেবে অভিহিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গতকাল মঙ্গলবার টোকিওতে প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’য়ে তারেক রহমানের সঙ্গে বিভিন্ন কর্মসূচির চারটি ছবি যুক্ত করে ফেসবুকে জাপানি ভাষায় দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান বর্তমানে জাপান সফর করছেন। তাদের মধ্যে গতকাল অনুষ্ঠিত দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের উল্লেখ করে সানায়ে তাকাইচি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের পর গঠিত তারেক রহমানের সরকারের জাতীয় নির্মাণ প্রচেষ্টাকে জাপান দৃঢ়ভাবে সমর্থন করে। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করায় বড় বাজার হিসেবে বাংলাদেশের বড় সম্ভাবনা রয়েছে এবং জাপানের অর্থনীতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘বিগ-বি’ সহযোগিতা কাঠামো নিয়ে দুই নেতার মধ্যে আলোচনার উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের দিকটি বিবেচনায় নিয়ে একসঙ্গে শক্তিশালী ও সমৃদ্ধ হওয়ার লক্ষ্যে কাজ করতে তারা একমত হয়েছেন।