আলভারেজ ইস্যুতে জরিমানা গুনল বার্সেলোনা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পিএম

ফুটবল দলবদলের বাজারে খেলোয়াড় ভাগিয়ে নেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। তবে সেই চেষ্টা যখন নিয়ম ভেঙে গোপনে করা হয়, তখন জন্ম নেয় আইনি বিতর্ক। আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন বিশ্বজয়ী স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে গোপনে চুক্তি প্রস্তাব দেওয়ার অভিযোগে স্পেন ফুটবলের শীর্ষ নিয়ামক সংস্থার জরিমানার মুখে পড়েছে বার্সেলোনা। 

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) নিয়ম ভঙ্গের কারণে কাতালান পরাশক্তিদের ৬০২ ইউরো (যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৩ হাজার টাকা) জরিমানা করেছে। 

ঘটনার সূত্রপাত আতলেতিকোর অভিযোগের ভিত্তিতে। ক্লাব কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া আলভারেজের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিল বার্সেলোনা। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকা ২৬ বছর বয়সী এই স্ট্রাইকারকে এভাবে লোভনীয় প্রস্তাব দেওয়াকে বিধিসম্মত মনে করেনি আতলেতিকো। তারা ফেডারেশনের ধারা ১৩৩ অনুযায়ী বার্সেলোনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। 

এমনকি ফিফার কাছেও বিষয়টি নিয়ে যায় আতলেতিকো, যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিশ্ব ফুটবলের এই অভ্যন্তরীণ বিষয়টিতে নিজেদের এখতিয়ার নেই বলে জানিয়ে দেয়। পরবর্তীতে স্প্যানিশ এফএ বার্সেলোনাকে দোষী সাব্যস্ত করে এই প্রতীকী জরিমানা অনাদায় করে।

মাঠের বাইরের এই বিতর্কের মাঝে সবচেয়ে বেশি চাপে পড়েছিলেন খোদ আলভারেজ। চলতি বছরের বিশ্বকাপের সময় এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যেই বার্সেলোনায় খেলার ইচ্ছাকে ‘নিজের স্বপ্ন’ বলে অভিহিত করেছিলেন। এই মন্তব্যের পর আতলেতিকো সমর্থকদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় এই স্ট্রাইকারকে। চলতি মৌসুমে ঘরের মাঠ মেত্রোপলিতানোতে নিজ সমর্থকদের থেকেই বারবার ভুয়ো ধ্বনি ও বিদ্রূপ শুনতে হয়েছে তাকে।

তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সেই সম্পর্কের বরফ গলাতে শুরু করেছেন আলভারেজ। সম্প্রতি দেপোর্তিভো লা করুনিয়ার বিরুদ্ধে টানা দ্বিতীয় ম্যাচে জয়সূচক গোল করে দলকে বার্সেলোনার চেয়ে মাত্র ২ পয়েন্টের দূরত্বে নিয়ে আসেন তিনি। ম্যাচ শেষে ঘরের সমর্থকদের সেই করতালি ও ভালোবাসার জবাবে আবেগঘন কণ্ঠে প্রকাশ্যে ক্ষমা চান তিনি।

দেপোর্তিভোর বিপক্ষে জয় পাওয়ার পর সংবাদমাধ্যম ও সমর্থকদের উদ্দেশ্যে আলভারেজ বলেন, ‘ওটা আমার একটা ভুল ছিল। সমর্থকরা কেন রেগে আছেন, তা আমি পুরোপুরি বুঝতে পারছি। আমি সমর্থক হলেও একইভাবে ক্ষুব্ধ হতাম। বিশেষ করে আমি আসার পর থেকে যেভাবে তারা আমাকে সমর্থন জুগিয়েছেন, তার পর এমনটা হওয়া স্বাভাবিক।’ 

আতলেতিকোর হয়ে এখন পর্যন্ত ১১৫ ম্যাচে ৫১ গোল করেছেন আলভারেজ। এছাড়া সিটিতে ১০৩ ম্যাচে করেছিলেন ৩৬ গোল আর নিজের প্রথম ক্লাব রিভারপ্লেটের হয়ে ১২২ ম্যাচে করেছিলেন ৫৪ গোল। 

সর্বশেষ সর্বাধিক পঠিত