মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দুই দিন পর বেসরকারি কোম্পানির আরেক কর্মচারী মো. রাসেলের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এর মধ্য দিয়ে নিখোঁজ দুই কর্মচারীরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পদ্মা সেতু থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের পুরনো লৌহজং থানা জামে মসজিদসংলগ্ন নদী থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু এ তথ্য জানান।
রাসেল বরগুনার আমতলী উপজেলার গুলশাখালী গ্রামের প্রয়াত আবদুর রহমান মৃধার ছেলে।
এর আগে মঙ্গলবার বিকেলে নিখোঁজ আরেক কর্মচারী মো. মারুফের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি রাজধানীর খিলগাঁও এলাকায়।
এর আগে গত সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের নিচে গোসল করতে নামেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আট কর্মচারী। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও রাসেল ও মারুফ নিখোঁজ হন।
খবর পেয়ে সেদিনই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার রাসেলের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে দুই কর্মচারীর উদ্ধার অভিযান শেষ হয়।